জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, ‘১৪ বছর ধরেই শুনছি ঈদের পরে আন্দোলন করবে বিএনপি। তাই বিএনপির মুখে আন্দোলন শব্দটা একটা হালকা শব্দে পরিণত হয়েছে। সব দফা বাদ দিয়ে বিএনপি এখন এক দফা দিয়েছে, সেই এক দফার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বিএনপি মূলত যেকোনো পন্থায় অস্বাভাবিক ভূতের সরকার প্রতিষ্ঠা করতে চায় ও দুর্নীতির বিচার বন্ধ করে দ-িত নেতা-নেত্রীদের মুক্ত করতে চায়। তারা সংবিধানটাকে খেয়ে ফেলতে চাচ্ছে’। গতকাল শুক্রবার কুষ্টিয়ার মিরপুরের নওদা বহলবাড়ীয়ায় পূর্বপাড়া নূর মদিনা জামে মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু এসব কথা বলেন।
ইনু বলেন, আমরা চাই না অনির্বাচিত একটি অস্বাভাবিক সরকার দেশে অন্ধকারের রাজত্ব কায়েম করুক। জামায়াত বিএনপির পার্টনারশিপের সরকার দেশে যে দুর্ভোগ সৃষ্টি করেছিল তা দেখেছি। তাই দেশের মানুষ আর রাজাকারের সরকার দেখতে চায় না।
এ সময় ইনু আরও বলেন, ‘আমেরিকা তাদের স্বার্থে ভিসানীতি করেছে। এর সঙ্গে বাংলাদেশের নির্বাচন গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। এর মাধ্যমে আমেরিকা বাংলাদেশে যথাসময়ে নির্বাচনের পক্ষেই মত দিল।’
বাজেট নিয়ে বিএনপির মন্তব্য প্রসঙ্গে ইনু বলেন, ‘১৪ বছরে শেখ হাসিনার সরকার বাজেট দিয়ে এক ফোটাও ঘি খায়নি, বরং বাজেট দিয়ে আমরা পদ্মা সেতু, মেট্রোরেল, পায়রা বন্দর তৈরি করেছি। রেল ব্যবস্থাসহ বিভিন্ন সেক্টরে উন্নতি করেছি। দারিদ্র কমিয়ে এনে বিনামুল্যে বাচ্চাদের কোটি কোটি বই উপহার দিয়েছি। বাজেট দিয়ে উন্নয়নের স্বার্থে ঘি খাওয়ার সুযোগই নেই।’
