বিএনপি-জামায়াত মিলে ষড়যন্ত্র করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওযার খেলা খেলছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান। তিনি বলেন, ‘তারা যতই ষড়যন্ত্র করুক, জনগণকে সঙ্গে নিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি, আগামী নির্বাচন তো দূরের কথা তার পরের নির্বাচনেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না।’
গতকাল শনিবার সকালে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি আরকে ল্যান্ড পার্কে থানা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এ সভায় শামীম ওসমান আরও বলেন, তারা নানা অপপ্রচার চালাচ্ছে। তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।
‘শামীম ওসমানের আমেরিকার ভিসা বাতিল ও তুরস্কের পাসপোর্ট নিয়ে ইউরোপ ঘুরছেন’, স্থানীয় একটি দৈনিকে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা সংবাদ প্রকাশ করেছেন, আপনাদের বলতে চাই, আমার ভিসার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত আছে। তুরস্কের পাসপোর্ট নিয়ে ইউরোপ ঘোরা সম্ভব না। আমার ভিসা বাতিল হয়েছে কি না তা প্রমাণ করতে হবে।’
