ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোয় খেলাপি ঋণ বেড়েছে মাত্রাতিরিক্ত হারে। খেলাপির কারণে প্রভিশন খাতে আটকে গেছে বিপুল অঙ্কের টাকা। এই টাকা থেকে কোনো আয় হচ্ছে না। বেড়ে গেছে অকার্যকর ঋণ। এতে একদিকে আয় কমেছে, অন্যদিকে বেড়েছে ব্যয়। খেলাপি ঋণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ার কারণ ঋণ জালিয়াতি। মূলত নয়টি নন-ব্যাংক প্রতিষ্ঠানের বড় অঙ্কের ঋণ জালিয়াতির কারণে সার্বিকভাবে এ খাতে খেলাপি ঋণ বেড়েছে। বিষয়টি উদ্বেগজনক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি-জালিয়াতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমানতকারীরা। এসব প্রতিষ্ঠান আমানত ফেরত দিতে না পারায় গ্রাহকরা আস্থা হারাচ্ছেন। ঋণ গ্রহীতারাও চাহিদামতো ঋণ পাচ্ছেন না। ফলে অর্থনীতিতে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান খাতের অবদান কমে যাচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, দেশে কার্যরত ৩৫টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ২৩টি প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ১০ শতাংশের বেশি। আর ২৫ শতাংশের বেশি আছে ১৫টিতে। তবে ৯টি প্রতিষ্ঠান খুবই খারাপ অবস্থানে রয়েছে। এদের খেলাপি ঋণের হার বিতরণকৃত ঋণের ৫০ শতাংশের বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি পিপলস লিজিংয়ের। খেলাপির হার ৯৯ দশমিক ৪৪ শতাংশ। এর পরই আছে বিআইএফসি; এর খেলাপির হার ৯৬ দশমিক ২৭ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স, খেলাপির হার ৯৪ দশমিক ৩৪ শতাংশ। এ ছাড়া এফএএস ফাইন্যান্সের ৯০ দশমিক ৪০ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৮৭ দশমিক ৩২ শতাংশ, ফাস্ট ফাইন্যান্সের ৮৫ দশমিক ৯৬ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৫২ দশমিক ৯০ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫২ দশমিক ৮৭ শতাংশ এবং উত্তরা ফাইন্যান্সের খেলাপির পরিমাণ ৫০ দশমিক ৪০ শতাংশ। এই নয়টি প্রতিষ্ঠানের সমন্বিত খেলাপি ঋণের পরিমাণ ১১ হাজার ৪০ কোটি টাকা।
অন্যদিকে, এ খাতের ৭টি প্রতিষ্ঠানের প্রভিশন ঘাটতি রয়েছে ১ হাজার ১৭১ কোটি টাকা। তবে কয়েকটি প্রতিষ্ঠান অতিরিক্ত প্রভিশন সংরক্ষণ করায় পুরো খাতের সমন্বিত প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ইদানীং বাংলাদেশ ব্যাংক থেকে অনেক ভুল সিদ্ধান্ত আসছে। যে নীতিমালাগুলো দিচ্ছে, সেগুলো ঋণখেলাপিদের আরও উৎসাহিত করছে। অন্যদিকে নিরুৎসাহিত হচ্ছেন ভালো গ্রাহকরা। তারা মনে করছেন, কেন্দ্রীয় ব্যাংকের ছাড় তো পাবই। এ ছাড়া ব্যাংকগুলোও খেলাপি ঋণ আদায়ে বিমুখ হয়ে পড়েছে। কারণ এর জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে তাদের জবাবদিহি করতে হয় না।
তিনি আরও বলেন, হঠাৎ হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া কোনো কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়। কেন্দ্রীয় ব্যাংকের কাজ বা নীতিগুলো হতে হবে দীর্ঘস্থায়ী এবং ব্যাংকের জন্য মঙ্গলজনক; যাতে করে খেলাপি ঋণ, পুনঃতফসিল, প্রভিশন ঘাটতি কমে আসে। এসব সমস্যার সমাধানে একটি ব্যাংকিং কমিশন গঠন করা উচিত। এর আগেও খেলাপি সমস্যার সমাধান হয়েছে ব্যাংকিং কমিশনের মাধ্যমে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর শেষে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের পরিমাণ ১৬ হাজার ৮২১ কোটি টাকা। হিসাব অনুযায়ী, খেলাপি ঋণের এই অঙ্ক বিতরণকৃত মোট ঋণের ২৩ দশমিক ৮৮ শতাংশ; যা এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ। এক বছর আগে ২০২১ সালের ডিসেম্বর শেষে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআইএস) খেলাপি ঋণ ছিল ১৩ হাজার ১৭ কোটি টাকা; অর্থাৎ এক বছরের ব্যবধানে এ খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ৩ হাজার ৮০৪ কোটি টাকা।
