চলতি অধিবেশনেই আয়কর আইন চূড়ান্তের প্রস্তুতি

আপডেট : ০৬ জুন ২০২৩, ০৫:৪২ এএম

প্রস্তাবিত বাজেটে করযোগ্য আয় না থাকলেও অনেক খাতে সেবা নিতে হলে ন্যূনতম কর ২ হাজার টাকা দিয়ে বাধ্যতামূলক রিটার্ন দাখিলের স্লিপ দেখাতে বলা হয়েছে। প্রস্তাবিত রাজস্ব বাজেট সংক্রান্ত এনবিআরের রূপরেখায় ৩৮টির বেশি সেবার কথা বলা হয়েছে। নতুন আয় আইন অনুসারে আরও ৫ খাতে এ ধরনের সেবার কথা স্পষ্ট করা হয়েছে। ইতিমধ্যে মন্ত্রিসভার বৈঠকে আয়কর আইনে অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় সংসদের চলতি অধিবেশনেই (চলতি সপ্তাহে) অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আইনটি চূড়ান্ত হলে আয়কর খাতে অনেক কিছুই নতুনভাবে কার্যকর হবে বলে জানিয়েছেন এনবিআর-সংশ্লিষ্টরা। আগামী অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব জাল বিস্তারে জোর দিয়েছে। ইটিআইএন গ্রহণ এবং রিটার্ন জমায় কঠোরতা আনা হয়েছে। এর আগে ২০২১-২২ অর্থবছরের অর্থবিলে আইন করে ৪০ ধরনের কাজে ইটিআইএন নেওয়ার কথা বলা হয়। তবে বাস্তবক্ষেত্রে দেখা যায় এসব কাজে অনেক ক্ষেত্রে কিছুটা শিথিলতা ছিল বা ছাড় দেওয়া হয়েছে। সরকারের এ আইন মেনে অনেকে ইটিআইএন নিলেও রিটার্ন দাখিল করে না। এতে করদাতা হিসেবে এনবিআরের খাতায় নাম থাকলেও করযোগ্য আয় না থাকায় এনবিআরের আদায়ে প্রভাব পড়ছে না। বর্তমান ৮৭ লাখ করদাতা ইটিআইএন গ্রহণ করলেও রিটার্ন দিচ্ছে গড়ে ৩১ লাখ। আগামী অর্থবছরের প্রস্তাবিত অর্থবিলে অনেক খাতে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

এনবিআরের রাজস্ব বাজেট সংক্রান্ত রূপরেখায় ৩৮ ধরনের বেশি খাতে সেবা পেতে গেলে রিটার্ন জমার সিøপ দেখানো বাধ্যতামূলক করেছে। নতুন আয় আইন অনুসারে আরও ৫ খাতে এ ধরনের সেবার কথা স্পষ্ট করা হয়েছে। খাতগুলো হলো  নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া বা লিজ গ্রহণের সময় বাড়ির মালিকের; নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সেবা বা পণ্য গ্রহণকালে ওই পণ্য বা সেবা সরবরাহকারীর; ট্রাস্ট, তহবিল, ফাউন্ডেশন, এনজিও, ক্ষুদ্রঋণ বিতরণকারী সংস্থা, সোসাইটি ও সমবায় সমিতির ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে; স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারে ভেন্ডর বা দলিল লেখক হিসেবে নিবন্ধন, লাইসেন্স বা তালিকাভুক্তি করতে বা বহাল রাখতে; রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বা সরকার কর্তৃক বিভিন্ন সময়ে এমন গঠিত কর্তৃপক্ষ বা অন্য সিটি করপোরেশন, পৌরসভায় অনুমোদনের জন্য ভবন নকশার আবেদন দাখিলকালে।

নতুন আয়কর আইনে উৎসে করের জাল বিছানো হয়েছে, অর্থাৎ অনেক খাতে আয় ব্যয় করার আগেই এনবিআরের কোষাগারে হিসাব কষে অগ্রিম কর জমা দিতে হবে। পরে পাওনার সঙ্গে সমন্বয় করা হবে। নতুন আয়কর আইনে উৎসে আয়কর, অগ্রিম আয়কর, ন্যূনতম ও চূড়ান্ত করের বিধান রাখা হয়েছে। এবারে উৎসে করে সবচেয়ে জোর দেওয়া হয়েছে।

এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ দেশ রূপান্তরকে বলেন, উৎসে কর আয়কর আদায়ের নিরাপদ হাতিয়ার। আগে নিলেও শেষে পাওনার সঙ্গে সমম্বয় করা হয়। তবে অনেক সময় উৎসে কর দিতে করদাতারা ভোগান্তিতে পড়েন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত