চার দিনের প্রস্তুতি শেষে ৩০ থেকে ২৩ জনের চূড়ান্ত তালিকা নিয়ে গতকাল বাফুফে ভবনে হাজির হলেন কোচ হাভিয়ের কাবরেরা। সেই তালিকা নিয়ে প্রায় ৪০ মিনিটের সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচের সঙ্গে সংবাদকর্মীদের চলল চাপান-উতোর। একপর্যায়ে খানিকটা ধৈর্যহারাও হলেন কাবরেরা। তার চোখে যে এই ২৩-ই সেরা! এদের নিয়েই আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে দেখছেন সেমিফাইনালের বড় স্বপ্ন! যদিও কাবরেরার ২৩-এ চোখ রাখলে খুব আশান্বিত হওয়ার সুযোগ নেই।
এই দলের রক্ষণভাগের অবস্থা অথৈবচ। সেন্টারব্যাক তপু বর্মণ হাফ ফিট, রহস্যময় কারণে পারফর্ম করেও সেরা ৩০-এ জায়গা হয়নি বসুন্ধরা কিংসের লেফটব্যাক ইয়াসিন আরাফাতের। ভিসা জটিলতায় দলের সঙ্গে আজ কম্বোডিয়া যাওয়া হচ্ছে না রাইটব্যাক বিশ্বনাথ ঘোষ ও লেফটব্যাক ইশা ফয়সালের। এই দলে সেন্টারব্যাক পজিশনে অটোমেটিক চয়েজ কেবল তারিক কাজী। তার সঙ্গে পুরো ৯০ মিনিট খেলার কেউ নেই নতুন মুখ মেহেদী হাসান ছাড়া। মাঝমাঠে এখন আর বড় ভরসা নন অধিনায়ক জামাল ভূঁইয়া। ক্লাবের হয়ে পুরো সময় খেলতে পারেননি এই মৌসুমে। সিনিয়র সোহেল রানাকে মাঝমাঠ সামলাতে হবে আবাহনীর দুই তরুণ মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ হৃদয়কে নিয়ে। আক্রমণভাগের অবস্থা আরও নাজুক। এলিটা কিংসলের ফিটনেসের ভীষণ বাজে অবস্থা। আর মোহামেডানের হয়ে শেষ কয়েক ম্যাচে ভালো খেলা তরুণ স্ট্রাইকার সাজ্জাদ হোসেনকেও বাদ দিয়েছেন কোচ। এদের চেয়ে বসুন্ধরা কিংসের সাইড বেঞ্চার সুমন রেজার মাঝে কোচ দেখছেন অমীত সম্ভাবনা! অথচ এই স্ট্রাইকার কিংসের হয়ে পুরো মৌসুম কাটিয়েছেন সাইড বেঞ্চ গরম করে। যতটুকু সুযোগ হয়েছে, একটা গোলও করতে পারেননি। ফরোয়ার্ড লাইনে কাবরেরার ভরসা দুই তরুণ শেখ মোরসালিন ও ফয়সাল আহমেদ ফাহিম।
এই যখন ২৩-এর দশা, তখন ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হতে যাওয়া সাফে বাংলাদেশকে নিয়ে বাজি ধারার লোক খুব খুঁজে পাওয়া যাবে না। হাভিয়ের কাবরেরা অবশ্য নিজেদের পছন্দের তালিকাতেই ভরসা রাখছেন, ‘ফিফা র্যাংকিংকে যদি আপনি মাপকাঠি ধরেন, তবে আমাদের গ্রুপে অবশ্যই লেবানন অনেক এগিয়ে। শারীরিক দিক থেকে তারা শক্ত প্রতিপক্ষ। মালদ্বীপ ও ভুটানকে আমরা আমাদের সরাসরি প্রতিপক্ষ হিসেবে দেখছি। মালদ্বীপও ফিফা র্যাংকিংয়ে বেশ এগিয়ে। তারপরও আমরা তাদের সঙ্গে সেয়ানে সেয়ানে লড়াই করার ক্ষমতা রাখি।’
এই ২৩ জনের তালিকাকে সেরা দাবি করে কাবরেরা বলেন, ‘আসলে দল চূড়ান্ত করা সহজ ছিল না। খেলোয়াড়রা একটা ব্যস্ত মৌসুম পার করে ক্যাম্পে এসেছিল। তাই টুকটাক চোট সমস্যা ছিলই। এ বিষয়গুলো আমাদের মোকাবিলা করতে হয়েছে। আজ কম্বোডিয়া গিয়ে ১২ জুন একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৪ জুন ফিফা প্রীতি ম্যাচের পর ১৬ জুন সরাসরি বেঙ্গালুরু যাবে দল।
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর জন্য বাংলাদেশ স্কোয়াড
গোলকিপার : আনিসুর রহমান জিকো, শহিদুল আলম সোহেল, মিতুল মারমা
ডিফেন্ডার : তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মেহেদী হাসান, ইশা ফয়সাল।
মিডফিল্ডার : মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, মজিবুর রহমান জনি, মোহাম্মদ সোহেল, রবিউল হাসান।
ফরোয়ার্ড : ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, আমিনুর রহমান সজীব, রাকিব হোসেন, সুমন রেজা, রফিকুল ইসলাম।
