বরিশালে ‘ডমিনেশন পেট্রোল’

আপডেট : ১১ জুন ২০২৩, ১০:৪৮ পিএম

ভোটারদের আশ্বস্ত করতে ‘ডমিনেশন পেট্রোল’ পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম। এতে অংশ নেয় বিজিবি, মহানগর পুলিশ, জেলা পুলিশ, এপিবিএন, কোস্ট গার্ড ও র‌্যাবের গাড়িবহর।

রবিবার (১১ জুন) নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে এসব বাহিনী। প্রায় ৫০টি গাড়ির বহরের এই যাত্রার নাম দেওয়া হয়েছে ‘ডমিনেশন পেট্রোল’। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিতের বার্তা।

পুলিশ কমিশনার জানান, দুপুর আড়াইটার দিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম থেকে পেট্রোলিং শুরু হয়। বাহিনীগুলোর গাড়ি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

তিনি জানান, শান্তিপূর্ণভাবে একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে এবং ভোটারদের আশ্বস্ত করতেই বিশেষ এই পেট্রোল পরিচালনা করা হয়েছে।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিশ্চিন্ত মনে ভোটকেন্দ্রে আসুন, নিরাপত্তায় আমরা সজাগ রয়েছি। ভোটারদের কারো মনে যেন ভয় তৈরি না হয়। তাদের বোঝাতে চাই যে, আমরা সব বাহিনী এখানে রয়েছি। তাই সবাইকে নিয়ে পেট্রোলিং করেছি।

আউটার স্টেডিয়াম থেকে শুরু হওয়া এ পেট্রোলিং নগরীর আমতলা মোড় হয়ে কাশিপুর সুরভী পেট্রোল পাম্প থেকে ঘুরে বিএম কলেজ সড়কে যায়। সেখান থেকে সদর রোড হয়ে আবারও স্টেডিয়ামে ফিরে যায় বলে জানিয়েছেন উপ-কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত