ঢাকায় কমনওয়েলথ বাণিজ্য বিনিয়োগ সম্মেলন সেপ্টেম্বরে

আপডেট : ১১ জুন ২০২৩, ১১:২১ পিএম

কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা বাড়াতে বাংলাদেশে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম। আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর ঢাকায় এ সম্মেলন হবে। সম্মেলনের আয়োজন করছে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল (সিডব্লিউইআইসি)। এতে সহযোগিতা করবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও যুক্তরাজ্যভিত্তিক সংস্থা জেডআই ফাউন্ডেশন।

আয়োজকরা জানিয়েছেন, ঢাকায় প্রথমবারের মতো কমনওয়েলথ বাণিজ্য-বিনিয়োগ সম্মেলনে ৫৬টি দেশ থেকে ৪০০ থেকে ৫০০ প্রতিনিধি অংশ নিতে পারেন। গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, যুক্তরাজ্যের হাউজ অব লর্ডসের সদস্য ও সিডব্লিউইআইসির ডেপুটি চেয়ারম্যান লর্ড সোয়ার ও বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে সিডব্লিউইআইসির কৌশলগত উপদেষ্টা জিল্লুর হোসেন।

সংবাদ সম্মেলনে সালমান এফ রহমান বলেন, কমনওয়েলথ আমাদের বাণিজ্য সম্ভাবনার জন্য অনেক বড় সুযোগ। আফ্রিকা, সিঙ্গাপুর, নিউজিল্যান্ডের সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্ক আছে। তাদের সঙ্গে ‘উইন উইন সিচুয়েশন’।

যুক্তরাজ্যের হাউজ অব লর্ডসের সদস্য ও সিডব্লিউইআইসির ডেপুটি চেয়ারম্যান লর্ড সোয়ার বলেন, বর্তমান বিশ্বে প্রতি চার ডলারের মধ্যে এক ডলার এফডিআই যায় কমনওয়েলথভুক্ত দেশগুলোতে। বিশ্বের বর্ধনশীল শহরগুলোর প্রায় অর্ধেক হচ্ছে কমনওয়েলথে। এ কারণে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্যও এ সম্মেলন বেশ কার্যকর হবে।

মো. শাহরিয়ার আলম বলেন, ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বে ২৫তম শীর্ষ অর্থনীতির দেশে পরিণত হবে। ইতিমধ্যে দেশে বিনিয়োগ পরিবেশ বৃদ্ধিতে বন্দর, জ্বালানিসহ বিভিন্ন পরিষেবার মানোন্নয়ন করা হচ্ছে। সুতরাং বিনিয়োগকারীদের জন্য এ উন্নয়নের অংশীদার হওয়ার এখনই সময়।

বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, কমনওয়েলথভুক্ত দেশগুলো থেকে বাংলাদেশে নতুন বিনিয়োগ ও বাণিজ্য সম্ভাবনা খুঁজছে। ব্যবসা ও বিনিয়োগের পাশাপাশি তথ্য ও অভিজ্ঞতা আদান-প্রদানের মধ্যমে দেশগুলো উপকৃত হবে। এর আগে যুক্তরাজ্য, সিঙ্গাপুর, কেনিয়া, রুয়ান্ডা, মাল্টাসহ কমনওয়েলথভুক্ত কয়েকটি দেশে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ ১৯৭২ সালে ৫৬টি দেশের সংগঠন কমনওয়েলথে ৩৪তম সদস্য হিসেবে যোগদান করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত