কেরানীগঞ্জে স্বামী স্ত্রীকে অচেতন করে লুট

আপডেট : ১২ জুন ২০২৩, ০২:৪৭ এএম

ঢাকার কেরানীগঞ্জে একটি বাসায় ঢুকে বিশ্ববিদ্যালয়পড়ুয়া স্বামী-স্ত্রীকে অচেতন করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। গত শনিবার মধ্যরাতে ঢাকার কেরানীগঞ্জের আটি নিমতলী ছোট বাওয়াল এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া দম্পতিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক শেষ করা নাসরিন সুলতানা মনি (২৪) ও ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র ও গণমাধ্যম বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এরশাদ আবির (২৪)।

তাদের হাসপাতালে নিয়ে আসা নাসরিনের নানি জরিনা খাতুন জানান, কেরানীগঞ্জের ওই বাড়িটি নাসরিনের বাবার বাড়ি। গত ৮ মে তাদের বিয়ে হয়। শনিবার আবির ময়মনসিংহ থেকে বেড়াতে আসেন শ্বশুরবাড়িতে। রাতে নাসরিনের মা মেহেরুন্নেসা তাদের জন্য বিরিয়ানি রান্না করেন। এরপর তিনি এবং তার ছোট বোন তনু বিরিয়ানি খেয়ে শুয়ে পড়েন এবং রান্নাঘরে নাসরিন ও আবিরের জন্য রেখে দেন। রাত ১১টার দিকে রান্নাঘর থেকে বিরিয়ানি এনে খান নাসরিন ও আবির। এরপর তারা অসুস্থ অনুভব করেন। একপর্যায়ে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে তাদের বাড়ির তিন পাশের গ্রিল কেটে ১০-১২ দুর্বৃত্ত ঘরে ঢোকে। তখন নাসরিনের মা ও ছোট বোন ঘুম থেকে জেগে উঠলে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে দুর্বৃত্তরা। এরপর আলমারি ভেঙে ৪-৫ লাখ টাকা, কয়েক ভরি স্বর্ণালংকার ও তিনটি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, স্বামী-স্ত্রীকে মেডিসিন বিভাগে ভর্তি  করা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত