জয়ের ব্যাপারে আশাবাদী খায়ের আবদুল্লাহ

আপডেট : ১২ জুন ২০২৩, ১১:৫৪ এএম

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ভোট দিয়েছেন।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আশাবাদী, এভাবে চললে অবশ্যই জয়যুক্ত হব। ভোটের ফলাফল যা-ই হোক মেনে নেব। বরিশালবাসীর সঙ্গে আছি, থাকব।

সোমবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আবুল খায়ের আবদুল্লাহর ভাতিজা বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ ও তার ভাই আবুল হাসানাত আবদুল্লাহ ভোট দিতে এসেছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ব্যাপারে আমি মন্তব্য করব না।

ভোট নিয়ে কিছু অনিয়মের অভিযোগ আছে। এমন কথার জবাবে আবুল খায়ের নৌকার কর্মীদের সংযত হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, এখানে অনেক কাউন্সিলর আছে যাদের নিজেদের ভেতর কোন্দল আছে। সে কারণে কিছু অনিয়ম হতে পারে।

আবুল খায়ের আবদুল্লাহ বলেন, চমৎকার পরিবেশে খুব ভালো ভোট হচ্ছে। ভোটার উপস্থিতি দেখে আমি আনন্দিত ৷স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট দিতে আসছেন। যারা আসছেন সবাই ভোট দিতে পারছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত