ভারতীয় ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’-এ আল্লু অর্জুনের সঙ্গে আইটেম গান ‘উ অন্তভা’য় নেচে যা ঝড় তুলেছিল দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পরে ‘কফি উইথ করণ’-এ অতিথি হয়ে গিয়ে অক্ষয় কুমারের সঙ্গেও এই গানে নাচতে দেখা গিয়েছিল তাকে। ইদানীং সার্বিয়ায় রুশো সিরিজ ‘সিটাডেলে’র ভারতীয় সংস্করণের শুটিং করছেন সামান্থা। আর সেখানেই নাইট ক্লাবে ‘উ অন্তভা’য় বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে কোমর দুলিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন সামান্থা। আর ঝড়ের গতিতে সামান্থার সেই নাচের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সার্বিয়ায় শুটিং থেকে নাইট ক্লাবে গিয়ে পুষ্পা দ্য রাইজ’র আইটেম সং-এ নেচে মাত করেছেন সামান্থা আর বরুণ। শনিবারের তাদের সেই নাচের ভিডিও সিনেমার কোনো কলাকুশলীদের মধ্যে কেউ একজন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
ভিডিওতে সামান্থাকে কালো লেদার টপ ও প্যান্টে দেখা গেছে, আর তার চোখে ছিল চশমা, হাতে পানীয় বোতল। ‘উ অন্তভা’য় নাচার আগে চশমা খুলে নিতে দেখা যায় সামান্থাকে। নাচের আগে বরুণের সঙ্গে কথা বলতে দেখা যায় অভিনেত্রীকে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘সামান্থার এই আইটেম গানের উন্মাদনা অবিশ্বাস্য।’
‘সিটাডেল’-এ সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভু। ব্রাদার্সদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এজিবিও’র তৈরি অ্যাকশন সিরিজটি পরিচালনা করছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ নির্মাতা জুটি রাজ নিদিমোরু ও কৃষ্ণ ডিকে। এর চিত্রনাট্য লিখেছেন রাজ ও ডিকে এবং সীতা আর মেনন। সিরিজের জন্য বিদেশে গিয়ে অ্যাকশনের প্রশিক্ষণও নিয়েছেন সামান্থা। জানা যাচ্ছে, জুলাই মাস পর্যন্ত এই সিরিজের শুটিং চলবে।
প্রসঙ্গত, প্রিয়াঙ্কা চোপড়া এবং রিচার্ড ম্যাডেনকে ‘সিটাডেল’র আন্তর্জাতিক সংস্করণে দেখা গেছে। এই সিরিজের ভারতীয় সংস্করণটি কবে মুক্তি পায়, এখন তারই অপেক্ষা।
