ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণসভায় বিএনপির জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে পুলিশের পোশাক পরা এক পুলিশ কর্মকর্তা ডায়াসে উঠে স্মরণসভার ছবি তুলে নিয়ে যান। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘স্মরণসভা চলাকালে পোশাক পরা এক পুলিশ কর্মকর্তা ডায়াসে উঠে ছবি তুলে নিয়ে গেছেন। অথচ ডায়াসে বসেছিলেন সাবেক একজন মন্ত্রী ও আরেকজন রাষ্ট্রদূত। একটা ভয়ংকর দুঃশাসন না থাকলে পুলিশ এখানে এসে ছবি তুলে নিয়ে যায়? আমরা এখানে একটি স্মরণসভা করছি। এ ঘটনা এক ধরনের অসদাচরণ। আজকে তারা আইনের কাছে দায়বদ্ধ নয়, জনগণের কাছে দায়বদ্ধ নয় তারা শুধু শেখ হাসিনার কাছে দায়বদ্ধ।’
গতকাল শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে রাজশাহীর শহীদ পিংকু স্মৃতি সংসদের উদ্যোগে শহীদ শাহ মাঈনুল আহসান চৌধুরী পিংকুর ৪৩তম স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ভিসানীতির ঘোষণা হয়েছে যারা সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করবে তাদের জন্য। যারা দিনের ভোট নিশিরাতে কেটে বাক্স ভরে আজ ক্ষমতায় বসে আছেন তাদের জন্য। এটি স্পষ্টভাবে আওয়ামী লীগের জন্য।’
