সিনেমাশিল্প কখনো অনুদান নির্ভর হতে পারে না: তথ্যমন্ত্রী

আপডেট : ২২ জুন ২০২৩, ১২:২৪ এএম

প্রয়াত চিত্রনায়ক ফারুকের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বুধবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সম্মিলিত চলচ্চিত্র পরিষদ ‘হৃদয়ে জাগ্রত তুমি’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

এসময় রাজনীতিতে প্রয়াত নায়ক ফারুকের কর্মময় জীবনের নানা দিক নিয়ে কথা বলেন। তিনি তার বক্তব্যে বলেন, ‘ফারুক ভাই অনেক কালজয়ী ছবিতে অভিনয় করেছেন। বিশেষ করে গোলাপী এখন ট্রেনে, সারেং বৌ, সুজন সখী সিনেমাগুলো তাঁকে বাঁচিয়ে রাখবে। সহজাত নেতৃত্বের এই মানুষটি মুক্তিযোদ্ধা ছিলেন, সংসদ সদস্য ছিলেন এবং সবাইকে আপন করে নিতে পারতেন। কখনো ভাবিনি যে ফারুক ভাই এত তাড়াতাড়ি চলে যাবেন। মাঝেমধ্যে আমি খবর নিতাম। শেষ পর্যন্ত তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি চলচ্চিত্রে আজীবন সম্মাননা পেয়েছেন এবং চলচ্চিত্রশিল্পের উন্নয়নের জন্য আজীবন সোচ্চার হয়ে কাজ করে গেছেন। আমরা তাকে ভুলব না।’

এছাড়াও তিনি কথা বলেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রি, চলচ্চিত্রে সরকারি অনুদানের প্রসঙ্গ নিয়েও। হাছান মাহমুদ বলেন, ‘মহামারি কেটে সিনেমাশিল্প ঘুরে দাঁড়িয়েছে। প্রদর্শক সমিতি বলছে, এখন অনেক সিনেমা হচ্ছে। সিনেপ্লেক্স-সিনেমা হল নির্মাণ ও পুনর্নির্মাণের জন্য স্বল্পতম সুদে এক হাজার কোটি টাকার ঋণ তহবিল হয়েছে। এক হাজার আসনের মিলনায়তন, চারটি শুটিং ফ্লোর, দুটি সিনেপ্লেক্স, দুটি সুইমিংপুলসহ বিএফডিসিতে নতুন কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে।’

সরকারের পক্ষ থেকে সিনেমার অনুদানও বাড়ানো হয়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, এ বছর ২৩টি পূর্ণদৈর্ঘ্য ছবিতে অনুদান দেওয়া হয়েছে। আগে ১০টি ছবিতে দেওয়া হতো। তবে সিনেমাশিল্প কখনো অনুদান নির্ভর হতে পারে না, সে কথাও তিনি স্মরণ করিয়ে দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শাহ আলম কিরণ, কাজী হায়াৎ, রোজিনা, রিয়াজ, অরুণা বিশ্বাস, নিপুণ, মুশফিকুর রহমান, প্রযোজক-পরিবেশক মোহাম্মদ হোসেন, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত