গাজীপুর মহানগরীর টঙ্গীতে বেতন-ভাতার দাবিতে প্রিন্স জ্যাকের্ড সোয়েটার লিমিটেড নামক একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। গতকাল বুধবার সকালে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় সাড়ে ৭শ শ্রমিক কাজ করেন। গত এপ্রিল মাসে ওই ৫০ জন শ্রমিকের ৫০ শতাংশ বেতন বকেয়া রাখে কর্র্তৃপক্ষ। গত মে মাসে সব শ্রমিকের বেতন-ভাতা বকেয়া রাখা হয়। মঙ্গলবার সব শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করার কথা থাকলেও কারখানার কর্র্তৃপক্ষ তা করেনি। বুধবার সকালে শ্রমিকরা এসে কারখানা তালাবদ্ধ পায়। পরে তারা কারখানার সামনে অবস্থান নেয় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল নিয়ে বাগানবাড়ি এলাকা থেকে বের হয়। এ সময় পুলিশ বাধা দেয়। এরপর শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ২ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কোনো শ্রমিক আহত হননি।
গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক ওসমান গণি জানান, বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
