ঈদসামগ্রী বিতরণের প্যান্ডেল ভাঙচুর, প্রতিবাদে অবরোধ

আপডেট : ২৭ জুন ২০২৩, ১২:৫০ এএম

নাটোরের বড়াইগ্রামে প্রতিবন্ধীদের মধ্যে ঈদসামগ্রী বিতরণের প্যান্ডেল ভাঙচুর, বঙ্গবন্ধুর ছবির অবমাননা ও খাদ্য সামগ্রী মাটিতে ফেলে দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শতাধিক বিশেষভাবে সক্ষম শিক্ষার্থী ও তাদের স্বজনরা। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলার বনপাড়া-লালপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

স্থানীয়রা জানান, ভবানীপুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিবন্ধী বিদ্যালয় ও বহুমুখী প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে ঈদুল আজহা উপলক্ষে বিশেষভাবে সক্ষমদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়। সে অনুযায়ী সোমবার সকালে নর্থ বেঙ্গল সুগার মিলের আওতাধীন ভবানীপুর কৃষি খামারের জমির মাঝখান দিয়ে যাওয়া কাঁচা রাস্তায় প্যান্ডেল তৈরি করেন তারা। কিন্তু সকালে আয়োজকরা অনুষ্ঠানস্থলে এসে প্যান্ডেল ভাঙাসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার মাটিতে পড়ে থাকতে দেখেন।

এ সময় প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষি খামারের সহকারী ব্যবস্থাপক মাহবুবুল ইসলামের নেতৃত্বে তার লোকজন প্যান্ডেল ভাঙচুরসহ ব্যানার খুলে ফেলে দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে অনুষ্ঠানে আসা বিশেষভাবে সক্ষম ও তাদের স্বজনরা সড়ক অবরোধ করেন। তারা রাস্তায় শুয়ে সেøাগানে সেøাগানে দায়ীদের বিচার দাবি করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে প্রায় দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা।

প্রতিবন্ধী বিদ্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম মানিক জানান, স্কুলের আঙিনায় স্থান সঙ্কুলান না হওয়ায় লিখিত আবেদনের পর প্যান্ডেল করা হয়েছে। কিন্তু সহকারী ব্যবস্থাপক ও তার লোকজন প্যান্ডেল ভেঙে দেওয়াসহ ব্যানার ছিঁড়ে মাটিতে ফেলে দিয়ে জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবির অবমাননা করেছে। পরবর্তী সময়ে আমরা টেবিলে ঈদ সামগ্রী সাজালে তারা সেগুলোও মাটিতে ফেলে দেয়।

এ ব্যাপারে খামারের পাহারাদার কোরবান আলী জানান, স্যারদের নির্দেশেই আমরা প্যান্ডেল ভেঙে দিয়েছি। খামারের ইক্ষু উন্নয়ন সহকারী মাহমুদুল হাসান জানান, তারা ঈদ সামগ্রী বিতরণের পর স্কুলের নামে খামারের জমি দখল করতে পারে এমন আশঙ্কা থেকেই প্যান্ডেলের খুঁটিগুলো উপড়ে ফেলে দিয়েছি।

সহকারী ব্যবস্থাপক মাহবুবুল ইসলাম বলেন, লিখিত আবেদন করলেও তাদের অনুমতি দেওয়া হয়নি।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত