যশোর-কুষ্টিয়ায় যুবক খুন কালিয়াকৈরে শিশুহত্যা

আপডেট : ২৮ জুন ২০২৩, ০১:০৮ এএম

গাজীপুরের কালিয়াকৈরে এক শিশুকে অপহরণের পর হত্যা করা হয়েছে। অন্যদিকে যশোর ও কুষ্টিয়ার খোকসায় দুই যুবক খুন হয়েছেন। গত সোমবার রাতের বিভিন্ন সময়ে ঘটনাগুলো ঘটে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :

কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে চার বছরের এক শিশু মোহাম্মদ মুসা ওরফে রাফিকে (৪) হত্যার পর বনের ভেতর ফেলে রাখে অপহরণকারীরা। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কালামপুর এলাকার বনের ভেতর থেকে রাফির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়। নিহত রাফি কালামপুর এলাকার শামীম হোসেনের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয় রাফি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রাফির বাবা শামীম কালিয়াকৈর থানায় অবহিত করেন। এ ঘটনায় পাশের বাসার ভাড়াটে মহর আলীকে (৩৮) সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে সোপর্দ করে। পরে সে পুলিশের কাছে রাফিকে হত্যার বিষয়টি স্বীকার করে। পরে মহরের দেওয়া তথ্যমতে পুলিশ বনের ভেতর থেকে রাফির লাশ উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল উদ্দিন (৪০) নামে অপর ব্যক্তিকে গ্রেপ্তার করে।

প্রাথমিকভাবে জানা যায়, শিশু রাফিকে অপহরণের পর তার পরিবারের কাছে মুক্তিপণের দাবির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই ওই শিশু ডাক-চিৎকার করলে তার নাক, মুখ ও গলায় চেপে ধরে অপহরণকারীরা। এতে শ^াসরোধে তার মৃত্যু হয়।

যশোর : যশোর শহরের বকচরে গত সোমবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জসিম উদ্দিন (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি মণিরামপুর উপজেলার হাকোবা গ্রামের আবদুল কুদ্দুস মোড়লের ছেলে।

কোতোয়ালি থানা পুলিশের এসআই মেহেদী হাসান জানান, রাত ৮টার দিকে বকচর কোল্ড স্টোরেজের পেছনের লিটন ফ্লাওয়ার মিলের সামনে ওই যুবক ছুরিকাঘাতে নিহত হন।

নিহতের ছোটভাই নয়ন জানান, তার ভাই জসিম মাছের ব্যবসা করেন এবং স্থানীয় ভাই ভাই গোল্ডেন ফিশের ম্যানেজার। মণিরামপুর থেকে যশোরে এসেছিলেন ব্যবসা সংক্রান্ত কাজে। রাতে জানতে পারেন ছুরিকাঘাতে তার ভাই খুন হয়েছেন।

কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর এলাকায় নাছিরুল ইসলাম (২৮) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে গড়াই নদীর বামতীরে নদীরক্ষা বাঁধের ওপর থেকে লাশটি উদ্ধার হয়। নাছিরুল ওই এলাকার আবদুল খালেকের ছেলে। সে দিনমজুর ও ভ্যানচালক ছিল। পুলিশ জানায়, দুর্বৃত্তরা গলায় নাইলনের রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে এবং কংক্রিট বোল্ডারের সঙ্গে মুখ থেঁতলে নাছিরুলকে হত্যা করে। ঘটনাস্থল থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত