বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষগুলো অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। দেশের মেহনতি মানুষের নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে। তারা এখন সর্বনাশা দুর্দশার মধ্যে নিপতিত হয়েছেন। খেটে খাওয়া শ্রমিক, কৃষক, জেলে, তাঁতীরা তাদের হারানো ভোটাধিকার, মানবাধিকারসহ সংবিধান স্বীকৃত সব অধিকার ফিরে পেতে আগামী দিনে পদযাত্রা করবে। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘দেশব্যাপী কয়েকটি জেলায় দেশ বাঁচাতে মেহনতি জনতার পদযাত্রা নতুন কর্মসূচি হবে। আগামী ১৫ জুলাই নোয়াখালীতে পদযাত্রার মাধ্যমে এ কর্মসূচি শুরু হবে। পরে দিনাজপুরে ১৯ জুলাই, রাজশাহীতে ২৮ জুলাই, যশোরে ৫ আগস্ট, হবিগঞ্জে ১২ আগস্ট ও বরিশালে ১৯ আগস্ট পদযাত্রা হবে। এ পদযাত্রা কর্মসূচি সফল করবে জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী তাঁতী দল ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। ইতিমধ্যে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের সমন্বয়ক বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন ওই চার সংগঠনের নেতাদের নিয়ে প্রস্তুতি বৈঠক করেছেন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ পদযাত্রা আয়োজনের চার অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।
এর আগে দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ শুরু করেছে যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবক দল। ইতিমধ্যে চট্টগ্রাম, বগুড়া ও বরিশালে সমাবেশ শেষ করেছে সংগঠনটি তিনটি। আগামী ৯ জুলাই সিলেট, ১৭ জুলাই খুলনা ও ২২ জুলাই ঢাকায় সমাবেশ করবে তারা।
