আসামিকে নির্যাতনের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৬:২৬ পিএম

শরীয়তপুরের জাজিরা উপজেলায় জামিনে থাকা আসামিকে নির্যাতনের ঘটনায় নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাসেল মনির, অতিরিক্ত পুলিশ সুপার, নড়িয়া সার্কেল, শরীয়তপুর-এর বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৩৯(১) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী অভিযুক্তকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা সমীচীন বিবেচিত হওয়ায় এতদ্বারা তাকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

আরও বলা হয়, তিনি বাংলাদেশ সার্ভিস রুল (বি.এস.আর) পার্ট-১, বিধি-৭১ মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্য হবেন; এবং জনস্বার্থে জাকি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অভিযোগের বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, উচ্চ আদালত থেকে জামিন পাওয়া কয়েকজন আসামি ও তাদের স্বজনদের ওপর নির্যাতন চালিয়ে ৭২ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির ও পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়।

বিসিএস পুলিশ ক্যাডারের ৩৪ ব্যাচের কর্মকর্তা রাসেল মনির ২০২২ সালের নভেম্বরে শরীয়তপুর জেলা পুলিশে যোগ দেন।

গত ২ জুন এ ঘটনার বিচার চেয়ে ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শরীয়তপুর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ব্যবসায়ী।

অভিযোগ তদন্তের জন্য পুলিশ সুপার একটি কমিটি গঠন করেন। তদন্ত কমিটি পাঁচটি চেক উদ্ধার করে। এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোস্তাফিজুর রহমান সাময়িক বরখাস্ত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত