মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর বাজারে পবন সুপার মার্কেটের জায়গা ভুয়া দলিলের মাধ্যমে আত্মসাতের অপচেষ্টা মামলায় সাবেক ইউপি সদস্য (মেম্বার) আব্বাস আলীসহ পাঁচজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার মানিকগঞ্জ দ্বিতীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুন নূরের আদালতে তারা হাজির হয়ে জামিন চাইলে তা নামঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়।
কারাগারে পাঠানো অন্য চারজন হলেন আলী আব্বাসের চার ভাই-বোন মো. আছর উদ্দিন, মো. আনসার, হোসনে আরা ও বেগম।
অভিযোগ থেকে জানা গেছে, মহাদেবপুর মৌজার ওই জমির মালিক মামলার বাদী খন্দকার আক্তার হামিদ পবনের ভোগ দখলে থাকাবস্থায় মূল আসামি আলী আব্বাস ও সহযোগীরা ভুয়া দলিল ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অপচেষ্টা চালায়। এ অভিযোগে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা দায়ের করা হলে সিআইডি পুলিশের তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। গতকাল মামলার ধার্য তারিখে আসামিরা আদালতে উপস্থিত হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
