সমাজে অবহেলিত তৃতীয় লিঙ্গের (হিজরা) জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতা, পৃথক শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব নাগরিক সুবিধা নিশ্চিতের দাবিতে সরকারের সংশ্লিষ্টদের উদ্দেশ্যে আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান সমাজ কল্যাণ সচিব, অর্থ সচিব ও আইন সচিবের উদ্দেশ্যে এ নোটিস পাঠান।
এতে বলা হয়, হিজরা জনগোষ্ঠী দেশের সবচেয়ে অবহেলিত। তারা পরিবার থেকে বিচ্ছিন্ন, সমাজ থেকে অবহেলিত, শারীরিক পার্থক্যের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এবং রাষ্ট্রীয়ভাবেও বৈষম্যের শিকার। সংবিধানের ২৮ (৪) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের যেকোনো অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সরকার বিশেষ বিধান প্রণয়ন করতে পারবে। কিন্তু পরিতাপের বিষয় সরকার এই চরম অবহেলিত জনগোষ্ঠীর জন্য কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
