শরীয়তপুর জেলা প্রশাসকের তিন বছর মেয়াদি অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনার অংশ হিসেবে ‘আমিই বাংলাদেশ’ শীর্ষক সম্মাননা পেলেন ১০০ মেধাবী শিক্ষার্থী।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে বিভিন্ন মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার ১০০ কৃতী শিক্ষার্থীকে ‘আমিই বাংলাদেশ’ সম্মাননা প্রদান করা হয়।
‘আমিই বাংলাদেশ’ সম্মাননা শিক্ষার্থীদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান ও সভাপতি শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।
সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমিই বাংলাদেশ’-এর যে উদ্যোগটি এখানে নেওয়া হয়েছে, নামটি শুনলেই ভেতর থেকে একটা চেতনা আসে। আশা করি শিক্ষার্থীরা সারা জীবন এই চেতনাকে লালন করবে। আর তাদের হাত ধরেই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার মো. সাইফুল হক, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে, পৌর মেয়র পারভেজ রহমান জন।
