এশিয়া অলিম্পিক কাউন্সিলের ৪২তম সাধারণ সভায় যোগদানের উদ্দেশ্যে থাইল্যান্ডে গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল শুক্রবার সরকারি সফরে তিনি থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আজ শনিবার তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া অলিম্পিক কাউন্সিলের (ওসিএ) ৪২তম সাধারণ সভায় যোগদান করবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সভায় এশিয়ার বিভিন্ন দেশের ৪৫টি জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। সভায় অংশগ্রহণ ছাড়াও তিনি এশিয়া অলিম্পিক কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটি নির্বাচনে (২০২৩-২৭ সাল) ভোট প্রদান করবেন এবং বিভিন্ন দেশ থেকে আসা অতিথিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। সফর শেষে সেনাপ্রধান ১১ জুলাই দেশে ফিরবেন।
