পশ্চিমা দেশগুলোতে বাড়তে থাকা ইসলামোফোবিয়া (ইসলামবিদ্বেষ) এবং জেনোফোবিয়া (অচেনার প্রতি ভয়) মোকাবিলায় মুসলিমদের ঐক্য আশা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। চিকিৎসকদের একটি সম্মেলনে গত শনিবার পাঠানো এক ভিডিও বার্তায় তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘সুইডেনে ঈদুল আজহার সময় আমাদের পবিত্র গ্রন্থ কোরআনের ওপর জঘন্য হামলা ইসলামোফোবিয়ার ভয়ংকর মাত্রাকে প্রকাশ করে।’ এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে বিশ্বের সব মুসলিমকে নিজ নিজ দায়িত্বের কথাও মনে করিয়ে দেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমাদের সবার, সব মুসলমানদের মহান দায়িত্ব আছে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে সবার। তুরস্ক এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। আমরা যদি এক হয়ে কাজ করি তবে বিশ্বের কেউ আমাদের আক্রমণ করার সাহস পাবে না।’ সম্প্রতি ইরাকি এক শরণার্থী সুইডেনের স্টকহোমের একটি মসজিদের বাইরে কোরআন পুড়িয়ে দিলে মুসলিম দেশগুলোতে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
×
