অবাস্তব কোনো দাবি নিয়ে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর পরামর্শে সংলাপের সম্ভাবনা নাকচ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘নির্বাচনই একমাত্র সমাধান। ইতিমধ্যে প্রধানমন্ত্রীও স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো সংলাপ হবে না।’
গতকাল রবিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সংলাপ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। সহকারী জজ বা সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত বনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন তিনি।
বিএনপির নেতাকর্মীদের মামলা দ্রুত শেষ করতে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় বিচারকদের চিঠি দিয়েছেÑ দলটির নেতাদের এমন অভিযোগ উড়িয়ে দিয়ে আনিসুল হক বলেন, ‘শেখ হাসিনার সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। উদাহরণ অনেক আছে। বিচার বিভাগ স্বাধীন। যদি ওনারা (বিএনপির নেতা) এ রকম কোনো চিঠি দেখাতে পারেন, তাহলে সেটা নিয়ে বাহাস হবে। এ রকম কোনো চিঠি কিংবা মৌখিক আদেশও কাউকে দেওয়া হয়নি। আমার মনে হয় অন্য কোনো ইস্যু না পেয়ে মিথ্যা ইস্যু বানানোর জন্য ওনারা অনেক বেশি সচেষ্ট।’
