ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন

এমপি মঞ্জু-নিক্সনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

আপডেট : ১১ জুলাই ২০২৩, ০২:৪২ এএম

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এবং তার জামাতা ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে স্থানীয় আওয়ামী লীগ। গতকাল সোমবার সকালে ভা-ারিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ভাণ্ডারিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. ফাইজুর রশীদ খসরু জমাদ্দার সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, গত ৮ ও ৯ জুলাই সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু ও তার জামাতা মজিবুর রহমান নিক্সন চৌধুরী নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছেন। তারা সংসদ সদস্য হয়ে এক প্রার্থীর প্রচারকাজে নেমেছেন। গাড়িবহর নিয়ে আনোয়ার হোসেনের চাচাতো ভাই জেপি প্রার্থী মাহিবুল হোসেন মাহিমের পক্ষে মোটর শোভাযাত্রা করেছেন। পুলিশ প্রটোকলে গাড়িবহর নিয়ে তারা প্রচার চালিয়েছেন। ভাণ্ডারিয়া বাস টার্মিনাল এলাকায় নিক্সন চৌধুরী ছাত্রলীগ নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালি দিয়েছেন। আমি জেলা রিটার্নিং কর্মকর্তাকে এ বিষয় লিখিতভাবে জানিয়েছি। তবে এখন পর্যন্ত তিনি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা চাই। জনগণ যাকে ইচ্ছা ভোট দেবে।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক মন্টু হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম, আওয়ামী লীগের সহসভাপতি লিয়াকত হোসেন তালুকদারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ১৭ জুলাই ভাণ্ডারিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত