যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় এসে পৌঁছেছেন।
মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় মার্কিন প্রতিনিধি দলকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাদের স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে উচ্চপদস্থ মার্কিন এই প্রতিনিধি দলের সফরকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
প্রতিনিধি দলে রয়েছেন- মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএআইডি এশিয়া ব্যুরোর উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর।
বাংলাদেশের জন্য নতুন মার্কিন ভিসানীতি ঘোষণার পর এবারই যুক্তরাষ্ট্র থেকে কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি ঢাকায় সফরে এলেন।
উজরা জেয়ার বাংলাদেশ সফর নিয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছিলেন, ১১ থেকে ১৪ জুলাই পর্যন্ত মাকিন প্রতিনিধি দলটি ঢাকা সফর করবে। মার্কিন প্রতিনিধি দলের সফরে দুই দেশের সম্পর্ক নিয়ে কথা হবে। তারা আসার পরে বাংলাদেশের সঙ্গে কী আলোচনা হবে তখন বোঝা যাবে। এখন পর্যন্ত কোনো এজেন্ডা ঠিক হয়নি।
