বগুড়ায় মাঠ দখল ও বিক্রির চেষ্টার প্রতিবাদ

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১২:০৩ এএম

বগুড়া শহরের বাদুরতলা-বড়গোলা এলাকায় আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠ দখল ও বিক্রির চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। মাঠরক্ষায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। মাঠ রক্ষা কমিটির আয়োজনে গতকাল বুধবার বেলা ১১টার দিকে শহরের সাতমাথায় এ কর্মসূচিতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৫২ সাল থেকে বিদ্যালয়সংলগ্ন নারায়ণ বিগ্রহ মন্দিরের ১২ শতক জায়গা স্কুলমাঠ হিসেবে ব্যবহার হচ্ছে। খেলাধুলার বিঘœ ঘটবে বলে জায়গাটি মন্দির কমিটি কখনই দখল নেয়নি। কিছু প্রভাবশালী ব্যক্তি জায়গা বিক্রি ও দখলের চেষ্টা করছে। ২০২২ সালেও একবার বিক্রির চেষ্টা করে। কিন্তু মন্দিরের মূল কমিটি কখনোই বিক্রির পক্ষে নয়। ওইসময় মাঠরক্ষা কমিটির হস্তক্ষেপে তারা পিছু হটতে বাধ্য হয়। বর্তমানে আবারও চক্রটি সক্রিয় হয়ে উঠেছে এবং বিক্রির তৎপরতা চালাচ্ছে। এ অপচেষ্টাকে প্রতিহত করার জন্য এলাকাবাসীসহ সর্বমহল সোচ্চার রয়েছে।

এতে বক্তব্য দেন টিনপট্টি নারায়ণ বিগ্রহ মন্দিরের সভাপতি চপল সাহা, মাঠরক্ষা কমিটির আহ্বায়ক নিয়াজুল ইসলাম মোশারফ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত