এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে গাজীপুর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুরা এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে র্যালি এবং মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর লক্ষ্মীপুরা এলাকার কয়েক শ মানুষ ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে এ র্যালি ও মানববন্ধনে যোগ দেয়।
সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাবেদ আলী জবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান সোহাগ, ওয়ার্ড যুবলীগের সভাপতি হাজী আনিসুর রহমান, সমাজসেবক আজগর আলী, রফিক মিয়া, লক্ষ্মীপুরা স্থানীয় মসজিদের খতিব মাওলানা রুহুল আমীন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসাইন, জাকির হোসেন মাতাব্বর, আলমাছ মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তরা অভিযোগ করেন, লক্ষ্মীপুরা এলাকায় মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়ে গেছে। প্রশাসন বারবার এ এলাকায় অভিযান চালালেও এলাকার মানুষ মাদক কারবারি ও সন্ত্রাসীদের অত্যাচার থেকে রক্ষা পাচ্ছে না। তাই এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ এদের বিরুদ্ধে মাঠে নেমেছে। তারা এলাকার মাদক কারবারি, সন্ত্রাসী ও ছিনতাইকারীদের হাত থেকে রেহাই পেতে প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
কাউন্সিলর জাবেদ আলী এলাকাবাসীর সামনে সাংবাদিকদের কাছে ৪১ মাদক কারবারি ও সন্ত্রাসীর নাম-পরিচয় প্রকাশ করেন। তিনি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
