লাখনৌর কোচ হচ্ছেন ল্যাঙ্গার

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১১:৫৭ পিএম

আইপিএলে লাখনৌর সুপার জায়ান্টসের প্রধান কোচ হতে যাচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ও কোচ জাস্টিন ল্যাঙ্গার। অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে চুক্তি নবায়ন না করে ল্যাঙ্গারকে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আজ এক বিজ্ঞপ্তিতে ল্যাঙ্গারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করেছে লাখনৌ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দলের প্রতি অবদানের জন্য লাখনৌ সুপার জায়ান্টস অ্যান্ডি ফ্লাওয়ারকে ধন্যবাদ জানাচ্ছে।’

ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়ে জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, ‘লাখনৌ সুপার জায়ান্টস আইপিএলে এক অসাধারণ গল্প লেখার শুরুর পর্যায়ে আছে। এই যাত্রাপথে আমাদের সবারই একটা ভূমিকা পালন করতে হবে। আমি দলটার অংশ হতে পেরে রোমাঞ্চিত।’

লাখনৌর যাত্রা শুরু হয় দুই মৌসুম আগে। এই দুই মৌসুমের জন্যই প্রধান কোচ হিসেবে দলটি চুক্তি করেছিল সাবেক জিম্বাবুইয়ান উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে। সেই চুক্তি শেষ হয়ে গেছে সম্প্রতি। ফ্লাওয়ারের সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি তারা।

২০২২ সালে আইপিএলে অভিষেকের বছরই লোকেশ রাহুলের নেতৃত্বে প্লে-অফে খেলে লাখনৌ সুপার জায়ান্টস। এবারের আইপিএলেও প্লে-অফে খেলে ছিটকে যায় দলটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত