দেশ রূপান্তরের ফটোসাংবাদিক এবং গ্লোবাল টেলিভিশনের প্রতিবেদক ও চিত্রসাংবাদিকের সঙ্গে দলীয় দুজন কর্মীর অপ্রীতিকর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের শীর্ষ দুই নেতা। গতকাল শুক্রবার এক বিবৃতিতে সংশ্লিষ্ট সাংবাদিকদের অ্যাসোসিয়েশনের কাছেও দুঃখ প্রকাশ করেছেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
গতকাল রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ভয়েজ অব ভিকটিম ফ্যামিলি’র উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে পেশাগত দায়িত্ব পালনের সময় ওই সাংবাদিকদের বাধা দেওয়া ও মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনায় রাতেই গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর বিভাগের সদস্য বাচ্চু ভূঁইয়া স্বাক্ষরিত একটি বিবৃতি সংবাদমাধ্যমে পাঠানো হয়। এতে বলা হয়, গণসংহতি আন্দোলন গণমাধ্যমে কার্যরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের স্বাধীনতা ও মর্যাদার প্রতি সংবেদনশীল ও শ্রদ্ধাশীল। দীর্ঘকাল ধরে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা সেই চর্চাই করে এসেছেন। সে কারণে আজকের (শুক্রবার) এ ঘটনা কেবল অপ্রত্যাশিতই নয়, দলের সাংগঠনিক আচরণবিধির পরিপন্থী। দলের ভেতরে এ ঘটনা কোনোভাবেই প্রশ্রয় পাবে না। দ্রুততম সময়ে দলের দুজন কর্মীর বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
