গণিত ও জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১০:৩৯ পিএম

গণিত অলিম্পিয়াডে তিন ব্রোঞ্জ : বিশ্বব্যাপী স্বীকৃত মর্যাদাপূর্ণ গণিত অলিম্পিয়াডের এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল এবার তিনটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। ২ থেকে ১৩ জুলাই অনুষ্ঠিত হয়েছে গণিত অলিম্পিয়াডের এবারের আসর। গণিত অলিম্পিয়াডের ৬৪তম আসর বসেছিল জাপানের চিবায়। মর্যাদাপূর্ণ এ আসরে ব্রোঞ্জ পদকপ্রাপ্তরা হলেনÑ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নুজহাত আহমেদ, ঢাকা কলেজের এসএমএ নাহিয়ান, রংপুরের আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শাহরিয়ার হোসেন। এ ছাড়া দুজন প্রতিযোগী পেয়েছেন সম্মানজনক স্বীকৃতি। তারা হলো ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের দেবপ্রিয় সাহা রায় ও চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জিতেন্দ্র বড়ুয়া। দ‌লের অন্য সদস্য ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের ইমাদ উদ্দীন আহমাদ। শিক্ষার্থীরদের এই দলের সঙ্গে ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার ও উপদলনেতা নূর মোহাম্মদ শফিউল্লাহ।

জীববিজ্ঞান অলিম্পিয়াডে তিন ব্রোঞ্জ : আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশ দল অর্জন করেছে তিনটি ব্রোঞ্জ। সংযুক্ত আরব আমিরাতের আল-আইন শহরে অনুষ্ঠিত হওয়া এ অলিম্পিয়াডের এটি ছিল ৩৪তম আসর। এটি অনুষ্ঠিত হয় ৩ থেকে ১১ জুলাই। ব্রোঞ্জ পদকজয়ী তিনজন হলেন রাজশাহীর গভ. ল্যাবরেটরি হাইস্কুলের শিক্ষার্থী ফায়েজ আহমেদ, স্কলাস্টিকার ফাইয়াদ আহম্মেদ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী আহম্মেদ নাইম। এ ছাড়া সার্টিফিকেট অব মেরিট পেয়েছেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আরিজ আনাস। এই চার শিক্ষার্থীর সঙ্গে আন্তর্জাতিক জুরি হিসেবে অংশগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক একেএম জাকির হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত