বাংলাদেশের সমুদ্র উপকূলে অফসোর উইন্ড বা বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি ব্লু ইকোনমিতে সহযোগিতা করতে ডেনিশ কোম্পানিগুলো আগ্রহী বলে জানিয়েছেন ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূত উইনি এসট্রোপ পিটারসন।
গতকাল রবিবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানিকে বিশেষ গুরুত্ব দিয়েছে।
নসরুল হামিদ বলেন, নবায়ণযোগ্য উৎস থেকে ১ হাজার ১৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলেও ৮২৫ দশমিক ২৩ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। নবায়ণযোগ্য জ্বালানি থেকে ৩০টি প্রকল্পের মাধ্যমে আরও ১ হাজার ২৬২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প চলমান। পাশাপাশি ৮ হাজার ৬৬৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প প্রক্রিয়াধীন। সব মিলে নবায়নযোগ্য জ্বালানি থেকে ৯ হাজার ৯৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন পাইপলাইনে আছে।
নিজস্ব বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি প্রতিবেশী দেশ থেকেও নবায়নযোগ্য উৎস হতে উৎপাদিত বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া চলছে বলে জানান প্রতিমন্ত্রী।
