নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার পর বাড়ির পাশে পুঁতে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গত সোমবার রাতে উপজেলা বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রাম থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ওই গৃহবধূর নাম মানসুরা (২৮)। ৬ থেকে ৭ দিন আগে হত্যাকান্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় স্বামী আশরাফ ও তার মাকে আটক করা হয়েছে।
মানসুরা উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের আবুল হোসেনের মেয়ে। তার স্বামী আশরাফ (৩৫) উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রামের জুলহাসের ছেলে। তিন বছর আগে তাদের বিয়ে হয়। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক তৈয়ব জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকা-টি ৬ থেকে ৭ দিন আগে সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
