চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১০:২১ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে আজগানা ইউপির চেয়ারম্যান আবদুল কাদের সিকদারের বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে এবং ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ তুলেছেন পরিষদের আটজন সদস্য (মেম্বার)। ন্যায়বিচার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন তারা।

অভিযোগ সূত্রে জানা গেছে, আবদুল কাদের সিকদার এক বছর আগে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে পরিষদে সরকারি বরাদ্দ করা অর্থ আত্মসাৎ করছেন। তিনি টিআর, কাবিখা, এডিপি, এলজিএসপির ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন। তা ছাড়া মাতৃত্বকালীন ভাতা প্রদানের ক্ষেত্রেও কমিশন নিয়ে থাকেন।

পরিষদের সদস্যদের সঙ্গে সমন্বয় না করে নিজের ইচ্ছেমতো কাজ করেন তিনি। কেউ প্রতিবাদ করলে তাকে আইন-আদালতের ভয় দেখানো হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। পরিষদের নারী সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও অশ্লীল ভাষা প্রয়োগ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অনিয়মের বিচার চেয়ে পরিষদের আটজন সদস্য গত সোমবার টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন।

আজগানা ইউপি চেয়ারম্যান আবদুল কাদের সিকদার তার বিরুদ্ধে করা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কোনো অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় চলে যাব।’ টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক শামীম আরা রিমি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত