অস্ট্রেলিয়ায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্প সম্মেলন

আপডেট : ২১ জুলাই ২০২৩, ১২:২০ এএম

অস্ট্রেলিয়ার মেলবোর্নে দিনব্যাপী বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ জুলাই অস্ট্রেলিয়ায় বাংলাদেশি হাইকমিশনের সহযোগিতায় এবং বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের সহযোগী পার্টনার ছিল এইচএসবিসি ব্যাংক। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

এতে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানের শুরুতে প্লেনারি সেশন এবং দুটি প্যানেল আলোচনায় বক্তারা তাদের মতামত তুলে ধরেন। প্যানেল আলোচনার শিরোনাম ছিল ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ বাণিজ্য : পরবর্তী দশকের পথ চলার পরিকল্পনা’ এবং ‘টেকসই উপাদান : ভবিষ্যৎ ফ্যাশন সৃষ্টিতে ইএসজি’র সহযোগিতা’। সম্মেলনে উপস্থিত ছিলেন তৈরি পোশাক শিল্পের ক্রেতা-বিক্রেতা, সরবরাহকারী, উন্নয়ন সহযোগী এবং অস্ট্রেলিয়া সরকারের নীতিনির্ধারকসহ বিভিন্ন সংস্থার প্রায় ১৩০ জন অংশগ্রহণকারী।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অপার সম্ভাবনা এবং সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা, দায়িত্বশীল সোর্সিং এবং নৈতিক উৎপাদন পদ্ধতিসহ এ খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন বিজিএমইএ সভাপতি। এ সময় তিনি সামাজিক পরিবেশ এবং দায়িত্বশীল ব্যবসায়িক আদর্শ ও মানের ওপর গুরুত্ব আরোপ করে বিকাশমান ফ্যাশন শিল্পের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করেন।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক যোগাযোগের বিষয়টি তুলে ধরেন এবং এ সম্পর্ককে কাজে লাগিয়ে দুদেশের দ্বিপক্ষীয় বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেন।

অস্ট্রেলিয়ার সরকারের চিফ হুইপ জোয়ান রায়ান সম্মেলনের শেষ অধিবেশনে দুই দেশের জনগণ ও অর্থনীতির জন্য সহায়ক নীতির ক্ষেত্রে সহায়তার আশ্বাস দেন। এছাড়া ভিক্টোরিয়া রাজ্যের ডেপুটি স্পিকার ম্যাট ফ্রেগন এবং এ রাজ্যের বিরোধী দলের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক ছায়ামন্ত্রী ডেভিড সাউথ উইক এ সম্মেলনে অংশগ্রহণ করেন। এ সময় বাংলাদেশ ও বাংলাদেশের ঐতিহ্য ও প্রকৃতির ওপর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়া সম্মেলনে বাংলাদেশী রপ্তানি পণ্য সামগ্রীর সর্বশেষ সংগ্রহ প্রদর্শন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত