আনোয়ারায় শঙ্খ নদে নৌকা ডুবে যুবক নিখোঁজ

আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৫:৪৩ পিএম

চট্টগ্রামের আনোয়ারার শঙ্খ নদে নৌকা ভ্রমণে (ডিঙ্গি) গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ সবুজ (৩০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২১ জুলাই) দুপুরে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের খুরুস্কুল গোদারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ যুবককে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তৎপরতা চালালেও এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ মোহাম্মদ সবুজ নোয়াখালীর চাটখিল উপজেলার মো. সোলাইমানের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ লাকী প্লাজার একটি প্রসাধনী দোকানের কর্মচারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ থেকে শুক্রবার সকালে পাঁচ বন্ধু উপজেলার খুরুস্কুল গ্রামের ফতেহ আলীর বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে দুপুরে পার্শ্ববর্তী শঙ্খনদে নৌকা ভ্রমণে বের হন তারা। পরে খুরুস্কুল গোদারপাড় থেকে পঙ্খিরচরে যাওয়ার উদ্দেশ্যে তারা নৌকায় (ডিঙ্গি) উঠার সময় হঠাৎ নৌকাটি উল্টে ডুবে যায়। এরপর নৌকায় থাকা ৬ জনের মধ্যে ৫ জন সাঁতরে কূলে উঠলেও ডুবে যায় সবুজ। তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একদল ডুবুরি ঘটনাস্থলে এসে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে। শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন বলেন, নদে স্রোত বেশি থাকায় সবুজ ডুবে অন্যদিকে চলে গেছে। আমরা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছি। তবে এখনো নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত