দিনাজপুরের হিলি স্থলবন্দরের চেকপোস্ট সড়কের একটি বাড়ির বারান্দায় গত সাত দিন ধরে ৭৫ বছর বয়সী শাকিলা বেওয়া নামে এক বৃদ্ধা মা আশ্রয় নিয়েছেন। ঢাকার বাসা থেকে বের করে দিয়ে ছেলে ও ছেলের বউ তাকে বাসে তুলে দিয়েছেন বলে অভিযোগ ওই বৃদ্ধার। কারও দেওয়া কোনো খাবার তিনি খাচ্ছেন না। ক্ষুধা লাগলে নিজের টাকা দিয়ে খাবার কিনে খাচ্ছেন। হিলির চেকপোস্ট সড়কের টেম্পুস্ট্যান্ড মোড়ে মরহুম রমজান ম-লের বাড়ির বারান্দায় এভাবে সাত দিন পার হওয়ার পর অবশেষে খোঁজখবর নিয়ে তাকে পরিবারের কাছে ফেরত পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।
ওই বাড়ির বাসিন্দা মরহুম রমজান মন্ডলের ছেলে রবিউল ইসলাম সুইট জানান, সাত দিন আগে হঠাৎ করেই রাতের বেলায় আমাদের বাড়ির বারান্দায় ওই বৃদ্ধা মহিলাকে শুয়ে থাকতে দেখি। এ সময় তাকে জিজ্ঞেস করলে জানান, ঢাকার বাস থেকে নেমে এখানে এসেছেন। এরপর থেকেই তিনি আমাদের বাড়ির বারান্দায় শুয়ে ও বসে দিন কাটাচ্ছেন। কারও কাছ থেকে কোনো টাকা-পয়সা এমনকি খাবার দিতে চাইলেও নিচ্ছেন না। নিজেই খাবার কিনে খাচ্ছেন।
রবিউল ইসলাম আরও জানান, বৃদ্ধা কথা খুব কম বলেন। যতটুকু বলেছেন, তাতে জানা গেছে তিনি মূলত বিহারি। নিজের নাম শাকিলা বেওয়া এবং ছেলের নাম জামিল বলা ছাড়া ঠিকানা কিছু বলতে পারেননি। স্বামীর মৃত্যুর পর ছেলের সঙ্গেই ছিলেন। কিন্তু হঠাৎ করে ছেলে ও ছেলের বউ মিলে তাকে বাড়ি থেকে বের করে দিয়ে বাসে উঠিয়ে দিয়ে বলেছে, ‘যেদিক খুশি চলে যাও, আর কোনো দিন এই বাড়িতে আসবে না।’ এমনকি মোবাইল নম্বর চাইলেও তা দেয়নি তার ছেলে। এরপর তিনি বাসে করে হিলিতে এসেছেন। আমি বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। তারা এখন যা ব্যবস্থা করেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, ‘বিষয়টি আমার নজরে আসায় ইতিমধ্যেই সমাজসেবা কর্মকর্তাকে জানিয়েছি। উনাদের একজন স্টাফ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধা মহিলার ডিটেইলস বের করার চেষ্টা করবে। তার নাম-পরিচয় পাওয়ার পর উপজেলা চেয়ারম্যানের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে কি করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। তার পরিবার ও ঠিকানা যদি পাওয়া যায়, সে যদি বাড়িতে ফিরে যেতে চায় সেই ব্যবস্থা করা হবে। আর যদি বাড়ি ফিরতে না চায় তাহলে সরকারি ভবঘুরে কেন্দ্রে পাঠানো হবে।’
