প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মাত্র দুই মিনিটের সাক্ষাতের আকুতি জানিয়ে গতকাল শনিবার ১২তম দিনের কর্মসূচি শেষ করেছেন শিক্ষকরা। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আজ রবিবার সকাল ৮টা থেকে ফের অবস্থান কর্মসূচি শুরু করবেন বলে জানান তারা।
গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি স্থলে বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি আমাদের অভিভাবক, আপনি বললে আর কারও কথা লাগবে না। আপনি আমাদের ৫ মিনিট সময় দেন যেন আমরা সুন্দরভাবে ফিরে যেতে পারি। আপনি ৫ মিনিট না পারেন অন্তত ২ মিনিট আমাদের সঙ্গে বসুন। আপনার কাছে আমাদের কোনো দাবি নাই। আপনি শুধু বলবেন, আমাদের নির্দেশ দেবেন, আমরা শুনে ক্লাসরুমে ফিরে যাব। অন্যথায় আমরা কারও আশ্বাসে ক্লাসরুমে ফিরে যাব না।’
গতকাল বিকেলে সব সংগঠনের শিক্ষক নেতারা বৈঠক করেন। তারা আন্দোলন জোরদার করতে জাতীয় সংগ্রাম পরিষদ গঠন করেন। এর সভাপতি হিসেবে মনোনীত হন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া, প্রধান সমন্বয়কারী বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আন্দোলনে যুক্ত সব সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মনোনীত করা হয়।
এর আগে গত শুক্রবার দাবি আদায়ে শিক্ষকরা প্রয়োজনে আমরণ অনশনের ঘোষণা দিয়েছিলেন। তবে গতকাল শিক্ষকরা বলেছেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণে প্রধানমন্ত্রীর ঘোষণা না পাওয়া পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের এই আন্দোলন চলবে।
এদিকে আন্দোলনকারী এক শিক্ষক কর্মসূচি চলাকালে অসুস্থ হয়ে পড়লে বাড়ি যাওয়ার পর মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন শিক্ষকরা। তাদের দাবি, নিহত শিক্ষকের নাম অহিদ আহম্মদ। তিনি নোয়াখালীর বেগমগঞ্জের এ কে জি ছায়েদুল হক আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক।
তবে কোনো কোনো শিক্ষক দাবি করেছেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে গত ১৭ জুলাই শিক্ষক ও পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার সময়ে ওই শিক্ষক আহত হয়েছিলেন। কিন্তু পাল্টাপাল্টি ধাওয়ায় ওই শিক্ষকের আহত হওয়ার খবরটি নিশ্চিত করতে পারেনি সংগঠনের সাধারণ সম্পাদক।
