কুমিল্লায় দাদনের টাকা ফেরত চাওয়ায় ছুরি মেরে হত্যা

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১০:৩০ পিএম

কুমিল্লার লাকসামে দাদনের টাকা ফেরত চাওয়ায় এক ভাঙারি ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে ভাইয়ের হাতে বোন খুন হয়েছেন এবং এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মুন্সীগঞ্জে এক কিশোরকে গলাকেটে হত্যা করা হয়েছে। গত শনিবার রাত থেকে গতকাল রবিবার বিকেলের মধ্যে এসব ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের প্রতিবেদন :

কুমিল্লা : কুমিল্লায় নিহত আউয়াল হোসেন সিয়াম ওরফে মনা (২২) লাকসাম পৌর শহরের জবাইখানা এলাকার সরাফত আলীর ছোট ছেলে। শনিবার শেষ রাতের দিকে পৌর শহরের গ-ামারা এলাকায় নিজ দোকানের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও পরিবার জানায়, মনা পাশের কালোরা খালপাড় এলাকার হকার সবুজকে ভাঙারি মালামাল কেনার জন্য ৫০ হাজার টাকা দাদন দেন। সবুজ বেশ কিছুদিন কাজ না করলে শনিবার রাতে মনা তার কাছে পাওনা টাকা ফেরত চায়। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিত-ার একপর্যায়ে সবুজ মনা ও তার সঙ্গে থাকা জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করেন। জাহাঙ্গীর দৌড়ে পালিয়ে গেলেও মনাকে একা পেয়ে বুকের মধ্যে ছুরিকাঘাতে হত্যা করে সবুজ পালিয়ে যায়।

মনার বড় ভাই অলিউল্লাহ লিটন বলেন, ‘আমরা হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’

লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘দাদনের টাকা নিয়ে বিরোধে ওই ভাঙারি ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ভৈরব : কিশোরগঞ্জের ভৈরবে সম্পত্তির ভাগ ও নেশার টাকা নিয়ে বাগ্বিত-ায় আপন ভাই বাবুল মিয়ার (৪৪) হাতে বোন সোমা বেগম (২২) খুন হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে সোমা মারা যান। নিহত সোমা ওই এলাকার মোতালিব মিয়ার সন্তান। অভিযুক্ত বাবুল মিয়াকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাবুল একজন নেশাগ্রস্ত। সে প্রায়ই নেশার টাকা এবং নিজের সম্পত্তির ভাগ চেয়ে মা-বাবার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন। শনিবার বিকেলে এ নিয়ে বাগবিত-ার এক ফাঁকে মা আয়েশা বেগমের শরীরে আঘাত করেন বাবুল। এ দৃশ্য দেখে সোমা ভাইকে বাধা দেন। ক্ষিপ্ত হয়ে বোনকে গাছের ডাল দিয়ে মাথায় একাধিক আঘাত করেন বাবুল। এতে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সোমা। আহত সোমাকে শম্ভুপুর গ্রামের রেলগেট এলাকার একজন পল্লী চিকিৎসক ক্ষতস্থানে ব্যান্ডেজ করে প্রয়োজনীয় ওষুধ দেন। বাড়ি এসে সোমা ভাত খেয়ে ওষুধ খায়। রাত ৯টার দিকে বমি শুরু হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে ঢাকা নেওয়ার পথে রাত ১০টার দিকে সে মারা যায়।

অন্যদিকে ভৈরবের শিবপুর ইউনিয়নের টানকৃষ্ণনগর গ্রাম থেকে শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে তার মরদেহ উদ্ধার হয়। নিহত শফিকুল ওই গ্রামের মোস্তফা মহিউদ্দিন ওরফে তারা মোল্লার ছেলে। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ চরমুক্তারপুর গ্রামে আবদুল্লাহ রাঢ়ী (১৫) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল রবিবার বেলা ৩টার দিকে ওই গ্রামের কামাল দেওয়ানের বাড়ি থেকে কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাঢ়ী বরিশালের হিজলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আয়নাল রাঢ়ীর ছেলে। সে চরমুক্তারপুর গ্রামের একটি প্রিন্টিং কারখানার শ্রমিক। এ ঘটনায় বিকেলে মো. সাজ্জাদ (১৫) নামে এক কিশোরকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত