ড. ইউনূসকে দিতে হচ্ছে দানকরের ১২ কোটি টাকা

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৩:২০ এএম

স্বনামে প্রতিষ্ঠিত তিনটি ট্রাস্টে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের দানকৃত অর্থের বিপরীতে এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) আরোপিত ১২ কোটি টাকার বেশি কর দিতে হবে।

এ দানকর আরোপের বৈধতা দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ হওয়ায় তাকে এ কর পরিশোধ করতে হচ্ছে।

গতকাল রবিবার শুনানি শেষে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগ ড. ইউনূসের করা আপিল খারিজের এ আদেশ দেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, পরিবারের কল্যাণ ও মৃত্যুচিন্তার বিষয়টি বিবেচনা করে ড. ইউনূস ২০১১ থেকে ২০১৪ তিন করবর্ষে নিজ নামে প্রতিষ্ঠিত প্রফেসর ইউনূস ট্রাস্ট, ইউনূস ফ্যামিলি ট্রাস্ট ও ইউনূস সেন্টার ট্রাস্টে ৭৭ কোটি ৩৭ লাখ ৬৯ হাজার টাকা দান করেন। এর বিপরীতে এ সময়ের করবর্ষে ৩ কোটি ৬১ লাখ ৭০ হাজার টাকা আয়কর পরিশোধ করেন। কিন্তু ডেপুটি কমিশনার অব ট্যাক্সেস (ডিসিটি) মূল্যায়ন ও পর্যালোচনার পর এনবিআর তার কাছে ১৬ কোটি ৮ লাখ ৪০ হাজার ৫৬ টাকা দানকর দাবি করে। এ নোটিসের বিরুদ্ধে প্রথমে কমিশনার অব ট্যাক্সেসে আপিল করলে সেটি খারিজ হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালে আপিল করলে সেটিও খারিজ হয়ে যায়। ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের এ সিদ্ধান্তের বিরুদ্ধে ২০১৫ সালে হাইকোর্টে তিনটি রেফারেন্স মামলা করেন ড. ইউনূস। ওই বছরের ২ এপ্রিল হাইকোর্ট রুল দিয়ে দানকর আদায়ে নোটিসের কার্যকারিতা স্থগিতের আদেশ দেয়। কয়েক মাস আগে রাষ্ট্রপক্ষ এ রুল শুনানির উদ্যোগ নেয়। গত ৩১ মে এ রেফারেন্স আবেদনগুলো খারিজ করে রায় দেয় হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন ড. ইউনূস।

আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সরদার জিন্নাত আলী। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সুমাইয়া ইফরিত বিনতে আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ওনারা (ড. ইউনূসের আইনজীবী) ডেপুটি কমিশনার অব ট্রাক্সেসের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু আইনি যুক্তিতে দেখানো হয়েছে যে, এখানে কোনো ব্যত্যয় হয়নি। তিনি আরও বলেন, ‘এখন তারা বলছেন, এটা দান করেননি। কিন্তু শুরু থেকেই তারা বলে আসছিলেন যে দান হিসেবেই তিনি রেয়াত চেয়েছিলেন। সব শুনে আপিল বিভাগ আবেদনটি খারিজ করেছেন। ফলে দানকর হিসেবে এনবিআরের যে সিদ্ধান্ত সেটি বহাল রইল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত