মাগুরায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এক দিনে ১৭ জন হাসপাতালে

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১০:৪৬ পিএম

মাগুরায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালসহ ৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ রোগী ভর্তি হয়েছে।

মাগুরা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, গত ২৬ জুন প্রথম তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হয় শ্রীপুরে। তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর থেকে গতকাল সোমবার পর্যন্ত মাগুরায় এক মাসে ১৭৮ জন ডেঙ্গু রোগী মাগুরা সদর হাসপাতাল ও চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এর মধ্যে ১৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। গত ২৪ ঘণ্টায় ১৭ জনসহ মোট ৪৩ জন মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল ও চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। জেলায় এখনো কেউ ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায়নি।

সিভিল সার্জন আরও জানান, জেলা সদর হাসপাতালসহ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৃথক ওয়ার্ডে ডেঙ্গু চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে। মাগুরা পৌরসভাসহ জেলার ৩৬ ইউনিয়নের প্রতিটি এলাকায় স্থানীয় শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তাদের মাধ্যমে ডেঙ্গু সচেতনতা বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে। জেলা সদরের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে থাকা এসব স্বাস্থ্যকর্মীকে জ্বরে আক্রান্ত যেকোনো রোগীকে ডেঙ্গু পরীক্ষা করানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া মাগুরা পৌরসভার পক্ষ থেকে এ বিষয়ে প্রচারণার পাশাপাশি মশা নিধন কার্যক্রম চালানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে গ্রামপর্যায়ে মশা নিধনের পর্যাপ্ত ব্যবস্থা নেই। যার ফলে সেখানে ডেঙ্গুর ঝুঁকি  ক্রমেই বাড়ছে। জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীদের সিংহভাগ গ্রামাঞ্চলের।

সিভিল সার্জন বলেন, জেলা শহরে ডেঙ্গুর ঝুঁকি বেশি। কারণ এখানে এডিস মশা প্রজননের উপযোগী ক্ষেত্র বেশি। তবে শহরের পাশাপাশি গ্রামে এই ঝুঁকি একেবারে কম নয়। তাই শহরের পাশাপাশি তৃণমূলে একইভাবে সচেতনতার পাশাপাশি মশা নিধনের ব্যবস্থা নেওয়া জরুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত