দেশে হৃদরোগ চিকিৎসায় একমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালকে ৭ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতালে আসা গরিব ও অসহায় হৃদরোগীদের জন্য হার্টের ভালভ, অক্সিজেনেটর, স্টেন্ট, ভাসকুলার স্টেন্ট, পেসমেকার, পিডিএ এএসডি, ভিএসডি ও ডিভাইস কিনতে এই অনুদান দেওয়া হয়েছে।
গতকাল বুধবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ও অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপি।
অনুদানের চেক গ্রহণকালে পরিচালক ও অধ্যাপক মীর জামাল উদ্দিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর এ অনুদান গরিব ও অসহায় হৃদরোগীদের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ অবদান রাখবেন। ইতিপূর্বে প্রধানমন্ত্রী দুইবারে আরও ৭ কোটি ৬৯ হাজার ৫৮৭ টাকা অনুদান দিয়েছিলেন, যা দিয়ে অসহায় ও গরিব রোগীদের শরীরে বিনামূল্যে ৫৭৪টি স্টেন্ট, ২৬০টি ভালভ ও ২২৪টি পেসমেকার স্থাপন করা হয়েছে।
পরিচালক জানান, নতুন অনুদানের টাকায় ১৫০টি ভাল্ব, ২০০টি অক্সিজেনেটর, ৩০০টি স্টেন্ট, ৩০টি ভাসকুলার স্টেন্ট, ১২০টি পেসমেকার, ৫০টি পিডিএ, ৩০টি এএসডি, ১০টি ভিএসডি ডিভাইস ক্রয় করে হাসপাতালের ‘অসহায় রোগী সেবা তহবিল’ মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে।
