প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেলে কাল মঙ্গলবার থেকে আমরণ অনশন শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন লাগাতার অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষকরা। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে গতকাল রবিবার বিকেলে এই ঘোষণা দেওয়া হয়।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেলে ১ আগস্ট সকাল থেকে প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন শুরু হবে। তারা বিশ্বাস করেন, সোমবার রাত ১২টার আগেই প্রধানমন্ত্রী কাছ থেকে ডাক পাবেন। তাদের কোনো চাওয়া নেই, অন্য কোনো দাবি নেই। প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো মাত্রই সব দাবি পূরণ হয়ে যাবে এটা বিশ্বাস করেন শিক্ষকরা।
