শুরু হতে যাচ্ছে ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প। তার আগে আজ হয়েছে ডাক্তারি পরীক্ষা। এজন্য ডাকা হয়েছে ৩২ ক্রিকেটারকে। কিন্তু প্রথম দিনে হাজির ২০ জন। চট্টগ্রামে বাংলা টাইগার্সের ক্যাম্পে থাকা কয়েকজন ক্রিকেটার এসে যোগ দিয়েছেন। বাকিরা ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি লিগে। ক্যাম্পের প্রথম দিনে হয়েছে ক্রিকেটারদের স্বাস্থ্য পরীক্ষা। যার মধ্যে ছিল রক্ত-চোখ-ইসিজি পরীক্ষা।
ক্রিকেটারদের নিয়ে ডাকা প্রথম দিনের ক্যাম্পে যা হয়েছে তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্সের সহকারী ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস।
এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমাদের চুক্তির সব ক্রিকেটার এবং সম্প্রতি যারা আমাদের জাতীয় দলের বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছে, তাদের সবাইকে আসতে বলা হয়েছে। আজকে মূলত মেডিকেল টেস্ট হবে—রক্ত আর চোখের পরীক্ষা ও ইসিজি। মেডিকেল টেস্ট আজকে করা হচ্ছে। আগামীকাল এবং পরশু দল করে ফিজিও স্ক্রিনিং, যেমন হাড় আর পেশির কী অবস্থা, এসব করা হবে।’
ফিটনেস ক্যাম্পে অবশ্য জাতীয় দলের নিয়মিতদের অনেকেই থাকছেন না। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ব্যস্ত তারা।
এ বিষয়ে শাহরিয়ার নাফীস এ ব্যাপারে বলেছেন, ‘এখন আসলে ৫ জন ক্রিকেটার আমাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে বাইরে আছে—সাকিব, লিটন, আফিফ, শরীফুল, হৃদয়। তাদের আসলে নির্দিষ্ট তারিখ আছে, যখন এনওসি ইস্যু করা হয়েছে। সেই দিনের পরেই তারা ক্যাম্পে যোগ দেবে। কোনো দল যদি ফাইনালে না ওঠে, তখন হয়তো আগেই খেলা শেষ হয়ে গেল। সে ক্ষেত্রে এর পরের দিনই তারা ক্যাম্পে আসবে।’
দুই দিনের মেডিকেল পরীক্ষার পর আগামী ৩ আগস্ট ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা। এরপর ৮ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের স্কিল ক্যাম্প। তার আগে ৩২ সদস্যের দলটা ছোট হয়ে আসবে ২১–২২ জনে। সে দলটা ঘোষণা হবে আগস্টের প্রথম সপ্তাহে। তাদের নিয়েই শুরু হবে স্কিল ক্যাম্প। জাতীয় দলের কোচিং স্টাফের সদস্যরা তার আগে ঢাকায় ফিরবেন।
শাহরিয়ার নাফীস ক্যাম্পের ব্যাপারে বলেন, ‘আপাতত ফিজিও, বিসিবির চিকিৎসক ও জাতীয় দলের ফিজিওরা দায়িত্ব নিচ্ছেন। যখন ফিটনেস টেস্ট হবে, তখন ফিটনেস ট্রেনার দায়িত্ব নেবেন। যখন বোলিং ওয়ার্কলোড হবে, তখন বোলিং কোচ দায়িত্ব নেবেন। ব্যাটিং হলে ব্যাটিং কোচ দায়িত্ব নেবেন। সবারই দায়িত্ব ভাগ করা আছে, সেই অনুযায়ী পালন করবে। এটা আসলে নিয়মিত প্রক্রিয়া। এবার যেহেতু এশিয়া কাপের আগে ভালো সময় পাওয়া গেছে, তাই করা হচ্ছে।’
