ফরিদপুরের বোয়ালমারীতে মিজান শেখ (২৭) নামে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রূপাপাত বামনচন্দ্র উচ্চবিদ্যালয়ের পেছনের একটি মেহগনি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। মিজান ওই এলাকার আহমেদ শেখের ছেলে। গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শৈলেন চাকমা ও বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, মিজান দুই বিয়ে করলেও নিঃসন্তান ছিলেন। দুই স্ত্রীর সঙ্গেও কোনো সম্পর্ক ছিল না। বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। পরদিন বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই বাগানে স্থানীয়রা তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মরদেহে মারাত্মক জখমের চিহ্ন এবং ডান চোখ ওপড়ানো ছিল।
ওসি আবদুল ওহাব বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। অচিরেই এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে খুঁজে বের করা হবে।’
