সুষ্ঠু নির্বাচন না হলে শান্তিরক্ষা মিশন বন্ধ হয়ে যাবে : রব

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০২:৫৮ এএম

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, ‘বিরোধীদের ওপর দমন-পীড়ন বন্ধ না হলে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষা মিশন বন্ধ হয়ে যাবে।’

গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের নেতা আবু ইউসুফ সেলিমসহ  গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

আ স ম আব্দুর রব বলেন, ‘দেশে বর্তমানে যে অবস্থা চলছে, তাতে জাতিসংঘে শান্তি মিশন বন্ধ হয়ে যাবে। পাসপোর্ট পাবে না। গরিবের ছেলেরা শান্তি মিশনে গেলে বাড়তি আয়ে তার বাড়িতে বিল্ডিং হয়। এগুলো সব বন্ধ হয়ে যাবে। বাংলাদেশকে এখন মিয়ানমার, কম্বোডিয়ার সঙ্গে তুলনা করা হচ্ছে। পুলিশের, সরকারের কর্মকর্তাদের  ছেলেমেয়েরা আর বিদেশে পড়ালেখা করতে পারবে না। সব বন্ধ হয়ে যাবে। সরকারি খরচে আওয়ামী লীগ সমাবেশে ভোট চাইছে। আগে পদত্যাগ করেন, তারপর ভোট চান। এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না।’

সমাবেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘কথায় আছে না, পিপীলিকার পাখা গজায় মরিবার তরে; আওয়ামী লীগের পিঁপড়ার মতো পাখা গজিয়েছে। মরবার জন্যই আওয়ামী লীগের পাখা গজিয়েছে। এ জন্য শেষ সময়ে এসে বিরোধী  নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। গত ২৮ তারিখের সমাবেশ দেখে আওয়ামী লীগ ভয় পেয়েছে। তাই যত গু-াপা-া ছিল, সব লেলিয়ে দিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত