ওয়াগনারের সাহায্য চেয়েছে নাইজারের জান্তা

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১০:৫৩ এএম

ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনারের সাহায্য চায় নাইজারের জান্ত। নির্বাচিত সরকার প্রধানের কাছে ক্ষমতা ছেড়ে দিতে আন্তর্জাতিক চাপ বাড়ছে জান্তার ওপর। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করার ঘোষণা দিয়েছে পশ্চিম আফ্রিকার ১৫ দেশের জোট ইকোয়াস। এমন পরিস্থিতিতে ওয়াগনারের সাহায্য চাইলেন অভ্যুত্থানকারী নেতা জেনারেল সালিফো মোদি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন রুশ গণমাধ্যম আরটি।

অলাভজনক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউফান সেন্টারের সিনিয়র রিসার্চ ফেলো ও সাংবাদিক ওয়াসিম নাসেরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রতিবেশি দেশ মালিতে সফর করেছেন মোদি। সেখানে ওয়াগনার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে গোষ্ঠীটির সাহায্য চান তিনি।

সংবাদ মাধ্যমে এপিকে নাসের বলেন, তাদের (জান্তা) ওয়াগনারকে প্রয়োজন। কারন, ওয়াগনারই তাদের ক্ষমতায় টিকে থাকার নিশ্চয়তা দিতে পারে। জান্তাকে সাহায্যের বিষয়টি ওয়াগনার বিবেচনা করছে বলেও দাবি করেন তিনি।

যদিও এ বিষয়ে জান্তা বা ওয়াগনারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রাশিয়া বলছে, নাইজারে বাইরের হস্তক্ষেপ সুফল বয়ে আনবে না। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রক্তপাত ছাড়া পরিস্থিতি স্বাভাবিক হওয়াকেই গুরুত্ব দেবে ক্রেমলিন।

গতমাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে ক্ষমতাচ্যুত করেন প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান আবদোরাহমানে তিয়ানি । আফ্রিকার দেশ মালিসহ বিভিন্ন দেশে উল্লেখযোগ্য সংখ্যক ওয়াগনার সেনা মোতায়েন রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত