বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় কবি মোহাম্মদ রফিক

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০১:৩৮ এএম

শ্রদ্ধা ভালোবাসায় বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন কবি মোহাম্মদ রফিক। গতকাল সোমবার বেলা এগারোটার দিকে বাগেরহাটে তার নিজগ্রাম সদর উপজেলার বেমরতা ইউনিয়নের চিতলী বৈটপুরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এর আগে তার নিজের গড়া উদ্দীপন বদর-সামছু বিদ্যানিকেতন স্কুলে জানাজা হয়। এতে টানা বৃষ্টির মধ্যে স্থানীয় গ্রামবাসী, ছাত্র, অনুজ, রাজনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন। তারা ফুল দিয়ে কবিকে শ্রদ্ধা জানান।

কবিকে খুব কাছ থেকে দেখা বৈটপুর গ্রামের প্রতিবেশি তৈয়বুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা হওয়া সত্বেও কোনোদিন ভাতা গ্রহণ করেননি। তার মায়ের কবর গ্রামে। মায়ের কাছে থাকার জন্য তিনি প্রায়ই গ্রামে আসতেন। স্কুল ও চিকিৎসালয়সহ নানা সমাজকর্মে সব সময় মনোনিবেশ করতেন।

স্মৃতিচারণ করে অনুবাদক ও নাট্য সংগঠক মোর্শেদুর রহমান সাগর বলেন, সাম্প্রতিক সময়ে তিনি উদ্বিগ্ন ছিলেন এই ভেবে যে আমরা আমাদের বাঙালিত্ব হারাচ্ছি। আমরা কেউ বাঙালি মুসলমান অথবা কেউ বাঙালি হিন্দু হতে চাচ্ছি। কিন্তু বাঙালির জায়গাটা শূন্য থেকে যাচ্ছে।

গত রবিবার রাত ১টায় তার মরদেহ আনা হয় গ্রামের বাড়িতে। তিনদিন আগে বাগেরহাটের বাড়িতে বেড়াতে এসে হঠাৎ করে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কবি রফিকের মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত