শোকের মাসে হাওরে পিকনিকে গিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের শিক্ষকদের নাচ-গানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল শুক্রবার দুপুরে হাকালুকি হাওরের ভিডিওটি শিক্ষকরাই ছড়িয়ে দিয়েছেন। এই নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।
কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা বলছেন, রাষ্ট্রীয়ভাবে আগস্টজুড়ে শোকের মাস পালন করা হয়। প্রতিদিন কালো ব্যাজ ধারণ করে কলেজসহ বিভিন্ন দপ্তরে কাজ করেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।
এ মাসে একটি কলেজের শিক্ষকদের এমন কর্মকা- দুঃখজনক। পিকনিকে থাকা ওই কলেজের এক শিক্ষকের দাবি, ‘সরকারি কোনো বিধি নিষেধ তারা পাননি। শোকের মাসে কি বিয়ে, পিকনিক, জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠান বন্ধ রাখতে হয়! নাচগান বন্ধ রাখার কোনো আইন আছে কি?’
কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা বলেন, ‘আমি ঢাকায় আছি। বিষয়টি আমার জানা নেই। শিক্ষকরা ব্যক্তিগত ভাবে পিকনিকে যেতে পারে। শোকের মাসে নাচ-গান করা আসলেই দুঃখজনক। ঢাকা থেকে ফিরে বিষয়টি আমি দেখব।’
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুননাহার পারভীন বলেন, ‘শোকাবহ আগস্ট মাসে কলেজ শিক্ষকদের এভাবে নাচ-গান করা উচিত হয়নি। বিষয়টি আমি খোঁজ নিচ্ছি।’
