বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের প্রথম চার বিষয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে নতুন সূচি প্রকাশ করেছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার প্রথম চারটি বিষয়ের পরীক্ষা যথাক্রমে আগামী ২৭ সেপ্টেম্বর, ১, ৩ ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়া আলিমের প্রথম চারটি বিষয়ের পরীক্ষা যথাক্রমে ১, ৩, ৫ ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির (বিএম/বিএমটি) স্থগিত হওয়া প্রথম চার বিষয়ের পরীক্ষার পরিবর্তিত সময় ১৭, ১৯, ২১, ২৪ সেপ্টেম্বর। এই বোর্ডের অধীন একাদশ-দ্বাদশের ডিপ্লোমা-ইন-কমার্সের স্থগিত হওয়া প্রথম চার বিষয়ের পরীক্ষার পরিবর্তিত সময় ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর।
শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলো যে সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, নতুন তারিখে পরীক্ষাগুলো একই সময়ে অনুষ্ঠিত হবে।
