ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে তাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ। বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনীর মাঝে মিষ্টি উপহারের মধ্য দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ফজলুর রহমান ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার রমেশ কুমার দুই বাহিনীর পক্ষে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে ৪ প্যাকেট ও বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ৫ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়। তারা একে অপরের সঙ্গে কুশলবিনিময়সহ সীমান্তের নানা বিষয় নিয়ে কথা বলেন।
